কটিয়াদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো: নাদিম মোল্লা কর্তৃক ভিজিএফএর চাল আত্মসাত এবং সাধারণ জনগণ তার প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে করগাঁও ইউনিয়নের সাধারণ জনতা।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে করগাঁও বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ভিজিএফ চাল বিতরণে প্রতিজনকে ১০ কেজি চাল বরাদ্ধের কথা থাকলেও সেখানে সারে আট কেজি করে চাল দেয়া হয়েছে। আমরা ইউনিয়নবাসী এর প্রতিবাদ করলে আমাদের উপর অতর্কিতভাবে আওয়ামীলীগের দোসর চেয়ারম্যান নাদিম মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা একজন আওয়ামীলীগের সক্রিয় সদস্য। আওয়ামীলীগের আমল থেকেই সে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। আমরা ইউনিয়নবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলার বিএনপির সম্মানিত সদস্য ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ ম সিদ্দিক দুলাল, কটিয়াদী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, করগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান ভূঁইয়া, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া, ইউনিয়ন বিএনপির কৃষক দলের আহবায়ক মফিজ উদ্দিন প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































